সুকান্তের পত্রগুচ্ছ

অরুণাচল বসুকে লেখা পত্র

অরুণাচল বসুকে লেখা ঊনবিংশ পত্র

সুকান্ত ভট্টাচার্য

বেনারস সিটি

অরুণ,

যে-ম্যালেরিয়া তোকে প্রায় নির্জীব করে তুলেছে, আমি এখানে আসার পঞ্চম দিনে তারই কবলে পড়ে সম্প্রতি আরোগ্যলাভ করার পথে―তাই এতদিন চিঠি দিই নি। আজ অন্নগ্রহণ করলুম। তুই এখন কোথায়? কোডারমায় না কলকাতায়? দুদিন মাত্র সুযোগ পেয়েছিলাম কাশী দেখবার, তাতেই অনেকখানি দেখে নিয়েছি। কাশী ভাল লাগছে না: অনেকদিন পর ফিরে পাওয়া তামার পয়সার মতো ম্লান লাগছে। আর শরীর এখন খুবই দুর্বল, কারণ এ-কদিন সাংঘাতিক কষ্ট গেছে। তোকে রীতিমত কষ্ট করেই লিখতে হচ্ছে। আর লিখতে পারছি না। সকলের কুশলসহ এই চিঠির আশু বিস্তৃত জবাব চাই।

২৮।১০।৪৪

সুকান্ত ভট্টাচার্য

পুনশ্চ:

হঠাৎ এখানে অন্নদার[১] সঙ্গে দেখা হয়েছিল। খুব আনন্দ পেয়েছিলাম।

টিকা ও মন্তব্য

  1. ১.↑
    তৎকালীন ছাত্রনেতা অন্নদাশঙ্কর ভট্টাচার্য।
অরুণাচল বসুকে লেখা ঊনবিংশ পত্র ❀ অরুণাচল বসুকে লেখা পত্র ❀ সুকান্তের পত্রগুচ্ছ ❀ বিশুদ্ধজ্ঞানের শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ❀ এডুলিচার